এ মুহূর্তের সংবাদ

ডেকে নিয়ে রাতভর নির্যাতন-টাকা আদায়

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

সুপ্রভাত ডেস্ক »

দোকান ভাড়া দেওয়ার কথা বলে এক ব্যবসায়ীকে ডেকে নেয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা। বাসায় নিয়ে রাতভর চলে উপর্যুপরি মারধর।

টাকা আদায় করতে বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। আদায় করা হয় প্রায় এক লাখ টাকা। পরে আবার টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মারধর করা হয় ব্যবসায়ীকে।

এই অভিযোগে রোববার (৭জুন) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন বহদ্দারহাট এলাকার ব্যবসায়ী মঞ্জুর আলম।

মামলায় আসামি করা হয় নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিনকে। তিনি পাঁচলাইশ থানার কাতালগঞ্জের মুন্সি পুকুর পাড় এলাকার হাবিব উল্লার ছেলে।

এ বিষয়ে মামলার বাদি ব্যবসায়ী মঞ্জুর আলম বলেন, রবিন আমার পরিচিত। তিনি আমাকে একটি দোকান ভাড়া নেওয়ার জন্য অফার করে। আমি জানতে পারি যে, ওই দোকান দখল করা। তাই আমি ভাড়া নিতে চাইনি। বিষয়টি বুঝতে পেরে তিনি, আমাকে ১০ এপ্রিল ডেকে তার পাঁচলাইশের মুন্সী পুকুর পাড়ের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি অনেকে ইয়াবা খাচ্ছে, আবার কেউ ক্যাসিনো চালাচ্ছে। পরিবেশ দেখে আমি যখন চলে আসতে চাইছি, তখন আমার পাঞ্জাবির কলার ধরে মারধর শুরু করে রবিন। ওই সময় আমার সঙ্গে থাকা ৭৮ হাজার টাকা নিয়ে ফেলে সে এবং বিকাশ, নগদ থেকে আরও ২০ হাজার টাকা নিয়ে ফেলে। যার প্রমাণ আমার কাছে আছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী জানা গেছে, সারা রাতভর নির্যাতন শেষে এরপর দিন সকাল সাড়ে ১১টার দিকে মঞ্জুরকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি মেডিকেল যান। চিকিৎসা শেষে পাঁচলাইশ থানায় গিয়ে বিষয়টি জানান। এরপর থানার এসআই বাহার ওই বাসার ক্যাসিনো থেকে চারজনকে ধরে নিয়ে যায় বলে জানান মঞ্জুর।

ব্যবসায়ী মঞ্জুর আরও বলেন, এর কয়েকদিন পর আমি তাকে ফোন করে আমার টাকা ফেরত চাই। তখন বললো, ব্যবসা করতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। পরে আবার ২১ মে আমাকে ফোন করে বললো যে তুমি কোথায়, তোমাকে কিছু টাকা দিবো। তখন বললাম, আমি রিয়াজুদ্দিন বাজার আছি। তিনি তখন আমাকে নগরীর তিন পুলের মাথায় যেতে বললেন। সেখানে যাওয়ার পর তিনি এবং সঙ্গে থাকা কয়েকজন আমাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে চলে যায়। ওই সময়, আমার সঙ্গে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে যায় তারা। এই ঘটনায় আমি মামলা করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আল আমিন বলেন, গতকাল এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। তদন্তের কাজ চলছে।