সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের রাউজানে দাফনের প্রস্তুতির সময় কাফনের কাপড়ে রক্তের দাগ দেখতে পেয়ে এক বৃদ্ধের জানাজা স্থগিত করেছে স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সিরাজ উদ্দৌলা দুলাল। তিনি ওই এলাকার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর একটি বাসায় সিরাজ উদ্দৌলার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে দাফনের জন্য তার মরদেহ গ্রামের বাড়ি রাউজানে নেওয়া হয়। আসরের নামাজের পর জানাজার প্রস্তুতির সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান উপস্থিত লোকজন। এতে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে দাফন কার্যক্রম স্থগিত করে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, কবর প্রস্তুত ছিল এবং জানাজার সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু মরদেহ খাটিয়ায় তোলার সময় কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশকে অবহিত করা হয়।
নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করেন, সম্প্রতি পারিবারিক কলহের কারণে সিরাজ উদ্দৌলা কিছুদিন আত্মীয়ের বাসায় ছিলেন। পরে তিনি আবার নিজ বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের মতো চিহ্ন রয়েছে বলে দাবি করে তিনি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে নিহতের স্ত্রী জাহেদা বেগম দাবি করেছেন, তার স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। মৃত্যুর দুই দিন আগে তিনি চেয়ার থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন বলেও জানান তিনি।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতের দিকে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


















































