টপ নিউজ

ছুটি শেষে স্কুল খুলছে রোববার

হামের সংক্রমণ শঙ্কায় চিকিৎসকরা

সুপ্রভাত ডেস্ক »

ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এতে শঙ্কা বাড়ছে আবারও হামের সংক্রমণ বাড়ার। চিকিৎসকরা বলছেন, স্কুলে অধিক সমাগমে ছড়াতে পারে হাম। সেই সঙ্গে অতিরিক্ত গরমে শিশুদের চিকেনপক্স ও ডায়ারিয়াও ভাবাচ্ছে তাদের। সংক্রমণ এড়াতে অসুস্থ শিশুদের আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দেশে নিয়ন্ত্রিত হাম এবার হানা দিয়েছে লাগামহীনভাবে। তিন মাসের কম সময়ে ছয় শতাধিক প্রাণ কেড়ে নেয়ার পাশাপাশি আক্রান্ত করেছে প্রায় ৯০ হাজার মানুষকে।

হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই আক্রান্ত হয়েছে পরিবারের অন্য সদস্য থেকে। আবার কেউ সংক্রমিত হাসপাতাল থেকেই।
চিকিৎসকরাও বলছেন, আক্রান্তের সংস্পর্শে গেলে সংক্রমিত হওয়ার শঙ্কা আছে। ঈদের ছুটি শেষে স্কুল খোলা নিয়ে তাই শঙ্কায় চিকিৎসকরা। বলছেন, এতে আবারও বাড়তে পারে হামের সংক্রমণ।
 শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, ‘অতিরিক্ত গরমে হামের সঙ্গে সঙ্গে শিশুদের চিকেনপক্স, ডায়রিয়াও ভাবাচ্ছে। সংক্রমণ যাতে না ছড়ায় প্রয়োজনে শিশুদের আইসোলেশনে রাখতে হবে।’
 
হামে আক্রান্ত শিশুদের সঠিক আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা নিলেও অনেক শিশু সুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১টি শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৯ জনের।
 
১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৫০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬২ হাজার ২৩৭ রোগী, যাদের মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।