সুপ্রভাত ডেস্ক >>
শিশুদের পেটে ইয়াবা বহন করিয়ে পাচারের অভিযোগে চট্টগ্রামে একটি চক্রের মূলহোতাকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একদল মাদক কারবারি ইয়াবার চালান নিয়ে সিএনজি অটোরিকশায় করে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এর ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানার সরকারহাটের তৈলার দ্বীপ সেতু সংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায় র্যাবের একটি দল।
তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রী আসনে থাকা শারমিন আক্তার ওরফে ইসমত আরাকে (৪০) আটক করা হয়। একই সঙ্গে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শারমিন স্বীকার করেন, উদ্ধার হওয়া দুই শিশুর পেটের ভেতর ইয়াবা বহন করা হচ্ছে। পরে ৬ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে শিশু দুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তাদের পেটের ভেতর ইয়াবা সদৃশ বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।
র্যাবের এই কর্মকর্তা জানান, চিকিৎসকদের সহায়তায় ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৬৭টি প্যাকেট এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে শারমিন আরও জানিয়েছেন, তিনি কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে দুই শিশুকে কৌশলে ইয়াবা খাওয়ান এবং চট্টগ্রাম শহরে বিক্রির জন্য নিয়ে আসেন। এর আগেও একই কৌশলে ওই দুই শিশুর পেটের ভেতর ইয়াবা বহন করিয়ে উখিয়া থেকে চট্টগ্রামে আরও দুইবার চালান পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, আটক শারমিন আক্তার ওরফে ইসমত আরা, হেফাজতে নেওয়া দুই শিশু এবং উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















































