শৈল-সৈকত ও দেশগ্রাম

যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি >>

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র এলাকায় মনির উদ্দিন নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, চুরির সন্দেহে তাঁকে আটক করে মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

---------

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে মনির তাঁর দুই সহযোগী আকিব ও ইসমাইলকে নিয়ে প্রকল্প এলাকায় যান। পরে আকিব ও ইসমাইল বের হয়ে এলেও মনিরের আর খোঁজ পাওয়া যায়নি। দুই দিন পর নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মনিরের চাচাতো ভাই মোহাম্মদ রফিক বলেন, মরদেহ উদ্ধারের সময় মনিরের হাত-পা বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁদের ধারণা, মনিরকে আটক করে নির্যাতন করা হয়ে থাকতে পারে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান বাবু বলেন, চুরির সন্দেহ থাকলেও কাউকে মারধর বা নির্যাতন করার অধিকার কারও নেই। অভিযোগ থাকলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত করার আগে তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। পাশাপাশি তদন্তে কোনো পক্ষের প্রভাব যেন না পড়ে, সেটিও নিশ্চিত করতে হবে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।