সুপ্রভাত ডেস্ক »
ডিজিটাল সুবিধার বাইরে থাকা দেশের প্রায় ৭ কোটি মানুষকে ইন্টারনেট ও ডেটা সংযোগের আওতায় আনতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী অক্টোবরের মাঝামাঝি দেশে সংযোজিত এসব স্মার্টফোন বড় পরিসরে বাজারে আসতে পারে। ডিভাইসটির দাম সাড়ে ৫-৬ হাজার টাকার মধ্যে রাখার প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশের ৭ কোটি মানুষ এখনো ডেটা বা ডিজিটাল সেবার মধ্যে নেই। তাদের ডেটায় নিয়ে আসার পাশাপাশি শহর, বন্দর ও প্রত্যন্ত এলাকায় ৫জি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। একই সঙ্গে সবার কাছে সহজলভ্য করতে ডিভাইসের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, যে শ্রেণির মানুষের কাছে এই দামও চ্যালেঞ্জিং, প্রয়োজনে সামাজিক কল্যাণের তহবিল থেকে ভর্তুকি দেওয়া হবে। বর্তমান মূল্যেই ফোনটি বাজারে আনা যায় কি না, সেটিও সরকার বিবেচনা করছে।
এদিকে বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, স্থানীয় হ্যান্ডসেট সংযোজনকারী প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর, বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির সমন্বয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে। চলতি সেপ্টেম্বরের মধ্যেই প্রথম ডিভাইসের নমুনা উন্মোচন হতে পারে। অক্টোবরের মাঝামাঝি ডিলারদের মাধ্যমে বাজারজাত শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্মার্টফোনটির বিশেষত্ব হলো, এর প্রায় দুই-তৃতীয়াংশে থাকবে টাচস্ক্রিন এবং এক-তৃতীয়াংশে ফিজিক্যাল কিবোর্ড। কিবোর্ডে বাংলা ও ইংরেজি বর্ণমালা থাকবে। ফলে টাচস্ক্রিনে অভ্যস্ত নন এমন ব্যবহারকারীরাও সহজে এটি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ও ইউটিউবের মতো অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে।
উপদেষ্টা জানান, মোবাইল ফোন কেনায় ইএমআই সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কিস্তিতে ফোন কেনার সুযোগ তৈরি হয়েছে। মোবাইল অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ফোনের সঙ্গে তিন মাসের ডেটা ও ভয়েস বান্ডেল দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা থেকে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিষয়টি নিয়ে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাকারিয়া শহীদ বলেন, সাধারণ মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


















































