সুপ্রভাত ডেস্ক >>
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সংসদীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে একটি সুদৃঢ় অংশীদারিত্বে পরিণত হয়েছে।
তিনি বলেন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। নতুন প্রজন্মের অংশগ্রহণ ও যৌথ উদ্যোগের মাধ্যমে ঢাকা-মস্কো সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে রাশিয়া সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্যদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে।
রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতেই দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কার্যকর হয়। জনকূটনীতি ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে আস্থা আরও বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ ও জেবা আমিন খান।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমাতেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে উভয় পক্ষ কাজ করছে।
























































