মহানগর

‘সহিংসতাকারী যে-ই হোক, তাদের আইনের আওতায় আনুন’—আখতার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক >>

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেছেন, “আপনাদের কোনো দলের আনুগত্য করার দরকার নেই। ক্ষমতাসীনের কেউ হোক কিংবা অন্য যেকোনো দলেরই হোক, যারা চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা।”

---------

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির নেতাকর্মী কর্তৃক আহত এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “হামলায় গুরুতর জখম দেলোয়ার ভাই এখনো শঙ্কামুক্ত নন। তার ওপর এই নৃশংস হামলার ঘটনা কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দৈন্যকে আবারও সামনে নিয়ে এসেছে। আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ থাকলে কোনো রাজনৈতিক নেতা বা সাধারণ নাগরিককে এভাবে রামদার কোপে জখম হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর মুখোমুখি হতে হতো না।”

তিনি আরও বলেন, “গত কয়েক মাসে দেশের সবকটি সূচকেই চরম অবনতি দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে প্রকাশ্যে চাঁদাবাজি, মারামারি ও দখলের পরিবেশ তৈরি হয়েছে। এমনকি গ্রামীণ এলাকায় মহিষ চরানোর মতো সাধারণ বিষয় থেকেও চাঁদা দাবি করার খবর আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দ্রুত সুরাহা চাই।”

তিনি বলেন, দেলোয়ার হোসেনের ওপর যারা বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন নেতার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জোবাইরুল আলম মানিক, চট্টগ্রাম মহানগর এনসিপির মীর শোয়াইব, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির জুলাই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনোয়ারা উপজেলার সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।