খেলা

সাতকানিয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউটের সাফল্য

হ্যান্ডবলে রানার্সআপ, সাঁতারে রাকিব ও সিফাতুলের কৃতিত্ব

সাতকানিয়া প্রতিনিধি >>

৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় সাতকানিয়া উপজেলা পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জন করেছে ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউট। প্রতিযোগিতার হ্যান্ডবল (বালক) বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

---------

এ ছাড়া একক সাঁতারেও কৃতিত্ব দেখিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুনিয়র মুক্ত সাঁতারে প্রথম এবং চিৎ সাঁতারে দ্বিতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। একই শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সিফাতুল ইসলাম ডুব সাঁতার ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও দক্ষ করে গড়ে তুলতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষক মণ্ডলীর আন্তরিক সহযোগিতা এবং অভিভাবকদের উৎসাহের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে।’

ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউটের সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, ‘ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য সত্যিই গর্বের বিষয়। আমরা চাই, তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখুক।’

তিনি আরও বলেন, ‘সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে। তাদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করবে।’

বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষক মণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার ফলেই এবারের প্রতিযোগিতায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছে ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউট।