ফিচার শিল্প-সাহিত্য

কবিতা

পৃথিবী এক বৃদ্ধাশ্রম

শাদমান শরীফ

জানালার গ্রীলটা বৃদ্ধ হয়েছে ঢেরÑ বয়োবৃদ্ধ
অগণন পুরনো স্মৃতির বরফে সে এখন হিমালয়
নাতসি হাওয়ায় জঙধরা আবরণে বসন্ত রোগের চিহ্ন
অথচ দশমী আলোয় আলোকিত রাখে ঘর।

-advertise-

আমার বয়স এসে লাঠিতে করেছে ভর,
আর জানালায় এসে ঠেকেছে আকাশ
প্রবৃদ্ধ জানালায় দাঁড়িয়ে যতটুকু দেখি পৃথিবীর
মনে হয়, পৃথিবীও এক জীর্ণ বৃদ্ধাশ্রম।

ক্রমশ জানালা ফুরোয়, জীবন ফুরিয়ে যায়
বৃদ্ধাশ্রমের পেটের ভেতর।

 

নিত্যবৃত্ত কাল

আরফান হাবিব

আমার শৈশব রেখে যাচ্ছি তোমার
ণিজন্ত শব্দবিদ্যায়
দেখো, সেখানে কচুপাতা ছিল ছাতা
বটগাছের পাতা ছিল টাকা
আমপাতা ছিল ইলিশ
টিনের বন্দুকে
ঘায়েল হতো চোর
আবার চোর-পুলিশ খেলতে খেলতে
সারা বিকেলটাই হয়ে উঠত স্বপ্নময়
উঠোনের একপাশে
নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া
কাগজের নৌকাটা যদি পেয়ে যাও
আমাকে একটু খুঁজে নিও
বেশ কয়েক বছর ধরে আমি নিখোঁজ