সুপ্রভাত ডেস্ক >>
ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে নয়; বরং জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
তিনি বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে শান্তি বজায় রাখা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, দেশের নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো মানুষ যেন বিভাজন কিংবা বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষ যেন নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। মহাশোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক বাবুল ঘোষ বাবুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে শুরুতে গীতাপাঠ করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাশোভাযাত্রা উপ-কমিটির সদস্য সচিব শিমুল মুহুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, নন্দনকানন রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারী।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহ-সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, বিদ্যালাল শীল ও হরিপদ দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস।
পরে বর্ণাঢ্য মহাশোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, নন্দনকানন, ডিসি হিল ও চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে জেএম সেন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।




















































