শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

তারেক রহমানের সরকার, ধর্মীয় সম্প্রীতির সরকার: আসলাম চৌধুরী

সুপ্রভাত ডেস্ক >>

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “তারেক রহমানের সরকার হবে ধর্মীয় সম্প্রীতির সরকার। সকল ধর্মের মানুষের জন্য সুশাসন এবং বাংলাদেশিদের জন্য থাকবে এক অকৃত্রিম ভালোবাসা।”

---------

তিনি বলেন, “বাংলাদেশ আমাদের সবার। এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। তাই ধর্ম যার যার, বাংলাদেশ সবার।”

আসলাম চৌধুরী বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, “সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ ধাম রয়েছে, যা এই অঞ্চলকে দেশের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষের কাছেও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই স্থানকে আরও আধুনিক ও পর্যটনবান্ধব করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে আধুনিক পর্যটন কেন্দ্র ও শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা করেছেন। তিনি সীতাকুণ্ডের প্রতিটি এলাকার খবর রাখেন।”

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এই পবিত্র দিনে আমাদের প্রত্যাশা—দেশ থেকে হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ দূর হোক। মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হোক। প্রতিটি ধর্মের মানুষ যেন নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম গিরিশ ধর্মশালা প্রাঙ্গণে সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন কুমার নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী সুনন্দ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মঠ ও মিশনের স্বামী হরিকৃপানন্দ মহারাজ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, শ্রী জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু, জুয়েল চক্রবর্তী, মিঠুন বৈষ্ণব, সীমা নাথ, অমলেন্দু কনক, মনোজ কুমার নাথ, ঝুলন কান্তি রায়, রূপন দে, গোপাল শর্মা, বাবুল বাহাদুর শাস্ত্রী, পূজন দে, নন্দন চক্রবর্তী, মোহন পাল, কাকন দাশ, পাবন কৃষ্ণ দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।