সুপ্রভাত ডেস্ক >>
নগরের খুলশী এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’কে গ্রেপ্তারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম, তার বডিগার্ডসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের সরকারি গাড়িও ভাঙচুর করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে বিভিন্ন মামলার আসামি ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার সহযোগীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। হামলায় ওসির হাতসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশের দাবি, হামলার সুযোগে ওয়াকিল হোসেন পরিবারের সদস্যদের সহায়তায় বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ওই বাসায় পালানোর পথের সন্ধান পায় পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে ওয়াকিল হোসেনকে ধরতে অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
তিনি জানান, হামলায় তিনি নিজেসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের এক প্রভাষককে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















































