নিজস্ব প্রতিবেদক >>
জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ ও চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের দেওয়ান বাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংকট ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এখনো গুরুত্বপূর্ণ অনেক বিষয় অনিষ্পন্ন রয়েছে। জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য লংমার্চ ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরে ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ স্বস্তি ও শান্তিতে নেই, তারা বিক্ষুব্ধ। জনগণের বিভিন্ন দাবি সামনে রেখে ১১ দলীয় ঐক্য গত দুই থেকে আড়াই মাস ধরে কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ দফার কর্মসূচি হিসেবে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি জানান, ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয়টি রোডমার্চের প্রথমটি আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। এসব কর্মসূচি ডিসেম্বর পর্যন্ত চলবে।
লংমার্চের সমাপনী সমাবেশ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিকেল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ এতে অংশ নেবেন বলে জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহানগরী আমীর মাওলানা জিয়াউল হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।




















































