সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ চট্টগ্রামের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন। সেই ধারাবাহিকতায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং জেলা পরিষদের মাধ্যমে অনেকগুলো কাজ বাস্তবায়িত হচ্ছে।
সরকারের পাশাপাশি এ ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও সংগঠনগুলোও কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক রকিব উদ্দিন আহমেদ, জেলা যুব কর্মসংস্থান কর্মকর্তা জীবন আরা তিথি, মো. রানা মিয়া, জেলা কর্মকর্তা (এমই অ্যান্ড এল) সাজ্জাদ হোসেন, জেলা কর্মকর্তা (আইটি অ্যান্ড এমআইএস) রত্না রানী দে, সহকারী জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. রোকসানা আক্তার, আরডিসিএস ব্যবস্থাপক রোকসানা মমতাজ, আরডিসিএস সভাপতি রোকেয়া সুলতানা, সহ-সভাপতি সুমিত্রা চৌধুরী, সেক্রেটারি তানজিলা আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি কণা দেবী এবং সদস্য ফারজানা আক্তার, জোসনা বেগম, শ্যামলী তালুকদার, কহিনুর আক্তার প্রমুখ।


















































