শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
ক্যাম্পাস

ইউসিটিসিতে ‘OBE for Academic Excellence’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সুপ্রভাত ডেস্ক >>

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘OBE for Academic Excellence: Aligning Vision, Mission, PEO, PLO and CLO’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

---------

বুধবার (৩ সেপ্টেম্বর) ইউসিটিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসি পরিচালক মোহাম্মদ তাহের হোসেন সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ রহিম উদ্দিন। তিনি উচ্চশিক্ষায় আউটকাম-বেইজড এডুকেশন (OBE)-এর ধারণা, গুরুত্ব ও কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় ইউসিটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য, ব্যবসায় প্রশাসন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও সমন্বয়কারী মো. ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশনের সঙ্গে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস (PEO), প্রোগ্রাম লার্নিং আউটকামস (PLO) এবং কোর্স লার্নিং আউটকামস (CLO)-এর সমন্বয়, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় ও একাডেমিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালা ইউসিটিসির মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।