শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

মিরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, মিরসরাই শাখার উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

---------

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মিরসরাই উপজেলার জগদীশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির কমপ্লেক্স থেকে র‌্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিরসরাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুমন পালিতের সভাপতিত্বে এবং সমন্বয়ক গোপী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, মিরসরাই শাখার সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব, সাধারণ সম্পাদক মোহন দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুর্জয় দে প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। এদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্ম পালনে কেউ বাধা দিতে পারবে না। আপনারা নির্ভয়ে আপনাদের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।”

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।