সুপ্রভাত ডেস্ক >>
চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের হালিশহর থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাক থেকে ফিশিং বোটে অবৈধভাবে স্থানান্তরের মাধ্যমে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
জব্দকৃত সারের পরিমাণ প্রায় ১১ হাজার কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং তিনজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।




















































