সুপ্রভাত ডেস্ক »
তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না।
শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।
নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা ও পেশাগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর ভারতীয় জাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আলী হায়দার অভ্যর্থনা জানায়।
সফরকালে ভারতীয় জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া সফরসূচির অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। সফর শেষে আগামী ১০ মে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।


















































