সুপ্রভাত ডেস্ক »
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১২ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৪০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ। গ্রেপ্তারকৃত আসামিদের মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।
আজ (বুধবার, ২৬ আগস্ট) জেলার কোতয়ালী থানাধীন পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন; লাভলী চাকমা (৩৫), মো.খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মোঃ জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫), মো. বাপ্পি ইসলাম (৩২) ও মো. উজ্জল (৪৫)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’


















































