‘মোবারক বড় সাজ্জাদ বাহিনীর প্রধান শুটার, উদ্ধার অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে’ — এসপি মাসুদ আলম
ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ‘কালা মোবারক’ গ্রেপ্তার
সুপ্রভাত ডেস্ক ::
‘কালা মোবারক’ নামে পরিচিত মোবারক হোসেন বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং কীভাবে এসব অস্ত্র অপরাধীদের হাতে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) ভোররাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় অভিযান চালায় ফটিকছড়ি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে মোবারক হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন— মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)।
এসপি মাসুদ আলম বলেন, গ্রেপ্তার মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সিসিটিভি ফুটেজেও তাকে শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, মোবারকের বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তিনি বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী।
অভিযানে পুলিশ একটি ৯ এমএম বিদেশি তরাস পিস্তল, একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করে।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৯ এমএম পিস্তলটি ব্রাজিলের তৈরি এবং ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলটি ইতালির তৈরি। উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এসপি আরও বলেন, অভিযানে ১৮ রাউন্ড ৯ এমএম গুলি, পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি পিস্তলের গুলির খোসা ও চারটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে।



















































