আন্তর্জাতিক

মাসকাটে আটকে থাকা ফ্লাইটটি অবশেষে চট্টগ্রামের পথে

ফ্লাইটে যাত্রীর মৃত্যু

ফাইল ছবি

সুপ্রভাত ডেস্ক »

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর মাসকাটে বিমানবন্দরে আটকে থাকা উড়োজাহাজটি অবশেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। মরদেহটি উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি চট্টগ্রামের পথে যাত্রা করে।

---------

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজি-১৩৬ ফ্লাইটটি কলকাতার আকাশে অবস্থান করছিল।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়। ওই বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু মাস্কাট বিমানবন্দরে মরদেহটি নামানোর উদ্যোগ নেওয়া হলেও ওমানের স্থানীয় আইন ও বিধি অনুযায়ী এ জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন ছিল। অনুমতি না পাওয়ায় দীর্ঘ সময় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই ছিল। এ কারণে ফ্লাইটটির পরবর্তী যাত্রাও অনিশ্চিত হয়ে পড়ে।

পরে রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়ার পর মরদেহটি উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। মরদেহটি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

চট্টগ্রামের বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। মাস্কাটে দীর্ঘ সময় ফ্লাইটটি আটকে থাকায় উড়োজাহাজের অন্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।