নিজস্ব প্রতিবেদক »
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন কর ও শুল্ক কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)।
সংগঠনটি বলেছে, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামালের ওপর বিদ্যমান শুল্ক ও করের হার যৌক্তিক পর্যায়ে না আনলে উৎপাদন ব্যয় বাড়বে এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
রোববার (২৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক এসব দাবি তুলে ধরেন।
চিঠিতে বলা হয়, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকারের ওপর বর্তমানে ১৫ শতাংশ কাস্টমস ডিউটি আরোপ করা হয়েছে, যা শিল্পমালিকদের মতে অস্বাভাবিকভাবে বেশি। সংগঠনটির দাবি, ২০২৬-২৭ অর্থবছর থেকে প্রতি মেট্রিক টন ক্লিংকারে কাস্টমস ডিউটি ৫০০ টাকা নির্ধারণ করা হোক।
অগ্রিম আয়কর (এআইটি) প্রসঙ্গে বিসিএমএ জানায়, আমদানি পর্যায়ে বিভিন্ন কাঁচামালের ওপর ২ থেকে ৮ শতাংশ এবং বিক্রয় পর্যায়ে ২ শতাংশ এআইটি আরোপ করা হয়েছে। এআইটি সমন্বয়যোগ্য হলেও উচ্চ হারের কারণে শিল্পের নগদ অর্থপ্রবাহে চাপ সৃষ্টি হচ্ছে। তাই আমদানি ও বিক্রয়—উভয় পর্যায়ে এআইটির হার সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সংগঠনটি আরও অভিযোগ করে, ক্লিংকার, স্লাগ, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ ও জিপসাম—এই পাঁচটি কাঁচামালের ক্ষেত্রে প্রকৃত আমদানি মূল্যের চেয়ে বেশি মূল্য ধরে শুল্কায়ন করা হচ্ছে। এতে আমদানিকারকদের অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে। এ অবস্থায় ইনভয়েস মূল্য অনুযায়ী শুল্ক নির্ধারণের দাবি জানানো হয়েছে।
চিঠিতে লাইমস্টোনের ওপর বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) সম্পূর্ণ প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়। বিসিএমএর মতে, লাইমস্টোন সিমেন্ট শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল হওয়ায় এর ওপর সম্পূরক শুল্ক আরোপের যৌক্তিকতা নেই।
এ ছাড়া সিমেন্ট খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ধারণে ট্যারিফভিত্তিক পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, সব উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রতি টনে একই হারে ভ্যাট নির্ধারণ করা হলে ভ্যাট নিয়ে বিদ্যমান মতপার্থক্য দূর হবে এবং সরকারের রাজস্ব আদায়ও বাড়তে পারে।
বিসিএমএ আশা প্রকাশ করে, দেশের সিমেন্ট শিল্পের টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সরকার তাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।


















































