সুপ্রভাত ডেস্ক »
দুর্যোগে দেশের এক অঞ্চলের মানুষ কষ্ট পাবে, আরেক অঞ্চলের মানুষ আনন্দ-উৎসবে মেতে থাকবে—এটি বাংলাদেশের প্রকৃত চিত্র নয়।
দক্ষিণ চট্টগ্রামে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম এমপি।
গত ১৮ জুলাই সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দুইটি ওয়ার্ডে অনুষ্ঠিত এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, তিনি অপেক্ষায় ছিলেন কখন বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন।
পানি কিছুটা কমলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মন্তব্য করে তিনি জানান, ত্রাণ সামগ্রীর চেয়ে এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থের প্রয়োজন বেশি বলে মনে করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই সহায়তা মানুষের সমুদয় চাহিদা পূরণ করতে না পারলেও এর মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে তারা একা নন, সবাই তাদের পাশে আছেন। নদীমাতৃক ও ভাটি অঞ্চলের দেশ হিসেবে বন্যা-খরা বাংলাদেশে নিয়মিত ঘটনা হলেও, এই দুর্যোগ-বিপদ মানুষকে সব বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মী ও দায়িত্বশীলদের সম্মিলিত অনুদানে সংগৃহীত এই নগদ অর্থ সাতকানিয়ার পুরানগড় এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন আলোকিত পুরানগড়-এর ব্যবস্থাপনায় বিতরণ করেন সংসদ সদস্য।
এই কার্যক্রমে সহযোগিতায় ছিল তাহজিব তমদ্দুন। দুই ধাপে নগদ অর্থ বিতরণ শেষে তিনি বাজালিয়া এলাকার একটি মাদরাসায় গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেও নিজেকে প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে বিবেচনা করেন উল্লেখ করে শামছুন্নাহার এমপি বলেন, জনগণ কষ্টে থাকলে তাদের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির সর্বোচ্চ দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করতেই তিনি ছুটে এসেছেন। তবে আসতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষমা প্রার্থনা করেন।
বক্তব্যের শেষে তিনি স্থানীয় জনসাধারণকে বন্যা-পরবর্তী সময়ে বিভিন্ন পানিবাহিত রোগ এবং মশাবাহিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ জেলা; আমীর এডভোকেট আনোয়ার আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক শাখা আমীরসিরাজুল ইসলাম, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক শাখা সেক্রেটারি এডভোকেট ইলিয়াস হোসেন, বাজালিয়া ইউনিয়ন আমীর আলহাজ্ব মাসুদুর রহমান, আলোকিত পুরানগড় সভাপতি আবু জাফর সিকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান হোসাইন, তাহজিব তমদ্দুনের সভাপতি ইসমাইল চৌধুরী ও সেক্রেটারি সাইফুল্লাহ মুহাম্মদ সায়েম এবং স্থানীয় পুরানগড় ও বাজালিয়ার দায়িত্বশীলবৃন্দ।

















































