এ মুহূর্তের সংবাদ

উচ্চগতির রেল সংযোগে চীনের সহযোগিতার আগ্রহে চেম্বার সভাপতির কৃতজ্ঞতা

সুপ্রভাত ডেস্ক »

ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরে ‘বুলেট ট্রেন’ চালু করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং চীনা বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোহাম্মদ আমিরুল হক চীনা রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

-advertise-

গতকাল রোববার (১৯ জুলাই) চিঠি দিয়ে চেম্বার সভাপতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, চীন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। একই সঙ্গে বাংলাদেশে ক্রমবর্ধমান বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।

চেম্বার সভাপতি আশা ব্যক্ত করে বলেন-ভবিষ্যতে দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাত বিশেষ করে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদনশীল খাত, শিল্প খাত, ইস্পাত, বন্দর, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ, রিজিওনাল কানেক্টিভিটি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে চীনের বিনিয়োগ ও সম্পৃক্ততা আরো বৃদ্ধি পাবে এবং এতে উভয়দেশ উপৃকত হবে।

তিনি কৌশলগত ভৌগোলিক সুবিধাহেতু আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসাবে ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠা চট্টগ্রামে বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রদূতকে বিশেষভাবে অনুরোধ করেন।