আরাফাত হোছাইন বিপ্লব »
২১ জুলাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রতিষ্ঠাকালীন উপপরিচালক, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত বর্ষীয়ান পুলিশ কর্মকর্তা মুসা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা প্রশাসনের ভিত্তি গঠনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পেশাগত জীবনের সূচনা ও সিলেটের কর্মঅধ্যায়
চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণকারী মুসা মিয়া চৌধুরী পাকিস্তান আমলে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৬৭ সালে তিনি সিলেটের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা (District Anti-Corruption Officer, Sylhet) এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই বছরের ১৪ আগস্ট তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs Division) এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুলিশ পদক ‘প্রেসিডেন্টস পুলিশ মেডেল’ (PPM)-এ ভূষিত করে। পরবর্তীতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন সরকারি গেজেটেও প্রকাশিত হয়।
আমেরিকায় উচ্চতর প্রশিক্ষণ ও বৈশ্বিক স্বীকৃতি
পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইন্টারন্যাশনাল পুলিশ একাডেমিতে (আইপিএ) উচ্চতর প্রশিক্ষণের জন্য মনোনীত ১১৩ জন বিশ্বমানের INPOLSE কর্মকর্তার একজন হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৭০ সালের ১৫ জুন থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইউ.এস. ডিপার্টমেন্ট অব স্টেটের (U.S. Department of State) অধীনে তিনি ‘পাবলিক সেফটি অ্যান্ড ইন্টেলিজেন্স’ বিষয়ে জেনারেল কোর্স সম্পন্ন করেন এবং ওয়াশিংটন ডিসি থেকে অফিশিয়াল ডিপ্লোমা সার্টিফিকেট লাভ করেন।
ঐতিহাসিক গ্রন্থে মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতার স্বীকৃতি
মার্কিন গবেষক লরেন্স লিফশুলজ তাঁর Bangladesh: The Unfinished Revolution গ্রন্থে স্বাধীন বাংলাদেশের পুলিশ বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কাঠামো গঠনে মুসা মিয়া চৌধুরীর দূরদর্শিতার বিশেষ উল্লেখ করেছেন। লিফশুলজের মূল্যায়নে, তিনি ছিলেন একজন বিরল ও বিচক্ষণ কর্মকর্তা, যিনি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল পুলিশ একাডেমিতে অর্জিত দাঙ্গা নিয়ন্ত্রণ, বিদ্রোহ দমন এবং পুলিশ পরিচালনার আধুনিক কৌশল দেশে সফলভাবে প্রয়োগ করেন। তাঁর উদ্যোগে কেন্দ্রীয় সচিবালয়ে একটি আধুনিক কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম প্রতিষ্ঠিত হয়। The New Republic এবং POCC-এর মূল্যায়নেও তাঁকে একজন দক্ষ ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাধীন বাংলাদেশে এনএসআই গঠন ও পুলিশ সংস্কারে অবদান
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে যখন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গঠন করা হয়, তখন মুসা মিয়া চৌধুরী প্রতিষ্ঠাকালীন উপপরিচালক (Deputy Director) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতার পর চট্টগ্রামে এনএসআই-এর বিভাগীয় দপ্তর প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তীতে তিনি সফলতার সঙ্গে চট্টগ্রামে সংস্থাটির কার্যক্রমের নেতৃত্ব দেন।
গোয়েন্দা কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ও উন্নত বিশ্লেষণ কাঠামো যুক্ত করার পাশাপাশি ১৯৭৫ সালের নভেম্বরের সিপাহী বিদ্রোহ-পরবর্তী জটিল পরিস্থিতি মোকাবিলা এবং ১৯৭৬ সালে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
১৯৮১ সালে তিনি এনএসআই থেকে অবসর গ্রহণ করেন। তবে তাঁর কর্মদর্শন ও অবদান বাংলাদেশ পুলিশের কৌশলগত উন্নয়ন এবং জাতীয় গোয়েন্দা প্রশাসনের ভিত নির্মাণে আজও প্রাসঙ্গিক। ১৯৮৫ সালের ২১ জুলাই তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা প্রশাসনের ইতিহাসে মুসা মিয়া চৌধুরীর জীবন ও কর্ম এক গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।




















































