সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে ন্যায্য ও উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে চার ইউনিয়নের জনগণ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীদের দাবি, উত্তর ফটিকছড়ি উপজেলা মূলত ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি এই চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। তাই চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তা জনগণের জন্য অধিকতর যৌক্তিক, সহজলভ্য ও জনবান্ধব হবে।
তাদের অভিযোগ, ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা উপেক্ষা করে শুধুমাত্র ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়, যা চার ইউনিয়নের মানুষের ন্যায্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সময় আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগব্যবস্থা, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনা করে যৌক্তিক স্থানে নির্ধারণের আহ্বান জানান।

















































