বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
খেলা

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করলেন ক্রিকেটাররা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু। গতকাল শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসের এই মাহেন্দ্র্র্রক্ষণে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে প্রায় ১৫০০০ কিলোমিটার দূরে, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায়। দূরে থাকলেও ঠিকই এই উৎসবে শামিল হয়েছে সাকিব আল হাসানের দল। কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছেন ক্রিকেটাররা। খবর ডেইলি-বাংলাদেশ’র
দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-২০র পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে। প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে গত শুক্রবার নেমেছে দ্বিতীয় টেস্টে। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল নামবে টি-২০র লড়াইয়ে। এরপর ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ১৬ জুলাই।
তবে এই সিরিজের দ্বিতীয় টেস্ট যখন চলছে, তখনই উদ্বোধন হলো সেতুটি। এই মাহেন্দ্রক্ষণে দেশে নেই সাকিব আল হাসানরা। তাই বলে সেতু উদ্বোধনের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত রাখেননি তারা। বিশাল এক কেক কেটে বাংলাদেশ দল উদযাপন করেছে এই মুহূর্ত। বিসিবির অফিসিয়াল ফেসবুক পাতায় প্রকাশিত হয় ছবিটি।
এর আগে বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমনীবার্তা তুলে ধরতে চলমান টেস্ট সিরিজের নামকরণ করা হয় পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’
অফিসিয়াল লোগোতেও ঠাই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

---------