সাতকানিয়া প্রতিনিধি >>
সাতকানিয়ার দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রকাশক মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা আব্দুল মান্নান আনছারী, মাওলানা ফরিদুল হক, মো. সাব্বির আহমদ সওদাগর, মো. ফরিদুল হক সিকদার, আবুল কালাম চৌধুরী ও মামুন তালুকদারসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার একাডেমিক প্রধান ও প্রবীণ শিক্ষক আবুল মনছুর এবং মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের মহানবীর আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসা সাতকানিয়া উপজেলায় অষ্টম স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
























































