নিজস্ব প্রতিবেদক >>
হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সিআইডিইউ’র নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি হিসেবেও কাজ করবে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারকে হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় সিআইডিইউ’র শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইনভিত্তিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণ কর্মসূচিতে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআই নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি এবং হুয়াওয়ের এআই প্রসেসর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন বলেন, “বাংলাদেশের আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সিআইডিইউ’র সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের এআই দক্ষতা বৃদ্ধি করতে চাই, যাতে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
সিআইডিইউ’র পরিচালক ড. ইয়াং হুই বলেন, “সুপরিকল্পিত এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের সুযোগ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে আরও বেশি ধারণা লাভ করবে। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং এআইকে ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনায় উৎসাহিত করবে।”
হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি বিশ্বব্যাপী শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের দক্ষতার মধ্যে ব্যবধান কমাতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে শিক্ষার্থীরা ডিজিটাল অর্থনীতির সুযোগ কাজে লাগানোর সক্ষমতা অর্জন করছে।
এদিকে, জব ফেয়ারে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ পেয়েছেন। প্রতি বছর অনেক নতুন গ্র্যাজুয়েট হুয়াওয়েতে যোগ দিয়ে কর্মঅভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছেন।






















































