সুপ্রভাত ডেস্ক >>
নগরের পশ্চিম মাদারবাড়ীসহ বিভিন্ন এলাকায় গত এক মাসে ২,৭০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
‘ইমার্জেন্সি ফুড ডিস্ট্রিবিউশন ২০২৬’ শীর্ষক এ উদ্যোগের আওতায় সর্বশেষ কর্মসূচিতে শনিবার (২২ আগস্ট) ৪০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জেটিআই বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এবং কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের (এমএসআই) ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ৩ কেজি আলু ও ৫০০ গ্রাম লবণ।
শনিবারের খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেটিআই বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের পরিচালক গিনটাউটাস ডিরগেলা এবং করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান গোলাম মোস্তফা।
জেটিআই বাংলাদেশ জানায়, নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তায় সহায়তার লক্ষ্যে গত এক মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উদ্যোগটির মাধ্যমে সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।




















































