পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে সময়মতো কোরবানির বর্জ্য অপসারণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মাত্র ছয় ঘণ্টার মধ্যে নগরের সম্পূর্ণ বর্জ্য অপসারণ করেছে। এ জন্য মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরুল হক। তিনি বলেন, ঈদুল আজহায় বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় নগর অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। তবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নগরের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, এবারও নগর পুলিশের পক্ষ থেকে ঈদকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, ঈদ ছুটির পুরো সময়জুড়ে এ ধারা অব্যাহত থাকবে।


















































