সাতকানিয়ায় গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আবুল খায়ের বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, চোর সন্দেহে সেলিম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


















































