নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে। বুধবার (১৭ জুন) ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের মানবসম্পদ নীতিমালার অধ্যায়-৬ এ বর্ণিত ‘সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতি’ অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তারা দেশে বা বিদেশে কোনো জাতীয় সংসদ, স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে পারবেন না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে পারবেন না এবং এমন কোনো রাজনৈতিক বিতর্ক, দলীয় কার্যক্রম বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যা দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাগত নিষ্ঠাকে ক্ষুণ্ন করতে পারে। পাশাপাশি সংকীর্ণতা, স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা ক্ষমতার অপব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সার্কুলারে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জনসমক্ষে রাজনৈতিক মতামত প্রকাশ বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকা। এছাড়া জরুরি দাপ্তরিক প্রয়োজন ছাড়া কর্মঘণ্টায় কর্মস্থল ত্যাগ না করা এবং অফিস থেকে বের হওয়া ও ফিরে আসার সময় মুভমেন্ট রেজিস্টারে সময়, কারণ উল্লেখ করে স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করা হলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে মানবসম্পদ নীতিমালার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানকে সার্কুলারের বিষয়বস্তু দ্রুত কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তা দ্রুত মানবসম্পদ বিভাগকে জানাতেও বলা হয়েছে।


















































