এ মুহূর্তের সংবাদ

রাঙামাটিতে মহিলা দলের ৫০ নেত্রীর পদত্যাগ!

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি »

‘অগণতান্ত্রিক’ ও ‘একপেশে’ জাতীয়তাবাদী মহিলা দলের রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করায় বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫০ জন নেত্রী পদত্যাগ করেছেন।

-advertise-

গতকাল দুপুরে রাঙামাটি বনরূপায় এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন সংগঠনটির একাংশের নেত্রীরা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপিকে ধ্বংস করার জন্য একটি অপশক্তি জেলা বিএনপির কথা উপেক্ষা করে, কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ঢাকা থেকে এমন কমিটি ঘোষণা করেছে। তাই এ কমিটি ঘোষণার প্রতিবাদে একযোগে পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিগত কমিটির সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, নন্দিতা দাশ, নাজমা আলীসহ ৫০ নেত্রী।

এর আগে ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০১ সদস্যের রাঙামাটি মহিলা দলের কমিটি প্রেরণ করা হয়।
পদত্যাগ করা বিদায়ী সভানেত্রী মিনারা বেগম জানান, ‘আমাদের সাথে আলোচনা না করে একপেশে ও অগণতান্ত্রিকভাবে ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করার প্রতিবাদে আমরা ৫০ জন পদত্যাগ করেছি।’

৫০ নেত্রীর পদত্যাগ প্রসঙ্গে নতুন কমিটির সাধারণ সম্পাদক সালেহা আক্তার বলেন- ‘২৩ বছর দায়িত্বে থেকে যে কমিটি একটি ওয়ার্ড কমিটিও করতে পারেনি, তারা এখন পদত্যাগ নাটক করছে। তারা ৫০ জন পদত্যাগের কথা বলছে কিন্তু সংবাদ সম্মেলনে তো ১০/১২ জনের বেশি উপস্থিত করতে পারেননি। নতুন জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিয়েছে, তারাই এ বিষয়ে বলবে, আমরা কিছু বলব না।’