সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক নিয়ে পূর্বশত্রুতার জেরে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মুহাম্মদ ইসমাইল ওরফে ইমন (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সেলিম চরতী খাটাখালী এলাকার বাসিন্দা এবং তিনি আবুল খাইরের ছেলে। আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন একদল লোক লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা সেলিমকে টেনেহিঁচড়ে স্থানীয় এক বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে পুনরায় মারধর করে। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, আসামির বাড়ি উপজেলার দক্ষিণ চরতী এলাকায়। তবে তিনি পার্শ্ববর্তী গ্রাম খতিরহাট এলাকায় দ্বিতীয় বিয়ে করেছেন এবং তিনি বেশিরভাগ ওই এলাকায় থাকেন। এ ঘটনার আগেও তার সঙ্গে ওই এলাকায় কয়েকজনের মারামারি হয়েছিল। সবশেষ বৃহস্পতিবার ঈদের দিন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে গণপিটুনিতে সেলিম নিহত হয়েছেন বলে প্রচার করেন। তবে পরে মাদক নিয়ে বিরোধের তথ্য সামনে আসে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিক বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিহতের বাবা আবুল খাইর বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এতে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


















































