সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বিভৎসভাবে ধর্মবিদ্বেষ ছড়িয়েছে। রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়েছে, সামাজিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে। তারই ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নিপীড়িত মানুষের ভিড় বেড়েছে, তারা ভারত ছাড়তে চায়।
আমরা বাংলাদেশ সরকারকে বলব, বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আনতে হবে। কারো রাজনৈতিক অভিলাষের শিকার আমরা হতে পারি না। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই অন্তহীন সমস্যায় আছে। নতুন করে উদ্বাস্তু নেওয়ার সক্ষমতা বাংলাদেশের নেই। এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুলতে হবে এবং মানুষকে বাস্তুচ্যুত করার অমানবিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


















































