নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, অ্যালার্জি, গাইনি ও শিশুরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেন। ১৫ সদস্যের মেডিকেল টিম আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৭০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক ও চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ আবু নাছেরের প্রত্যক্ষ অংশগ্রহণ ও দিকনির্দেশনায় এবং প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডা. মোহাম্মদ আবু নাছের বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক কারণে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ডা. আবু নাছের। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা ন্যাশনাল হসপিটালের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে।




















































