সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান।
তিনি বলেন, নগরের যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং হাসপাতালের সামনে সড়ক দখল করে যানবাহন রাখা। অনেক হাসপাতাল সিডিএর ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে, যা আর চলতে দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে সব বেসরকারি হাসপাতালকে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) দুপুরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার, সিএসসিআর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে সিডিএর একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল।
এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন।
পরিদর্শনে দলটি হাসপাতালগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে। তারা দেখতে পান, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। অন্যদিকে সিএসসিআর হাসপাতাল, মেডিকেল সেন্টার ও রয়েল হাসপাতালের পার্কিং ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল ও অসন্তোষজনক। এসব হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, বেসরকারি হাসপাতালগুলোর প্রায় কোনোটিতেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। তারা সিডিএর অনুমোদিত নকশার বাইরে এবং প্রয়োজনীয় পার্কিং ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। তারা নিজেরাও জানে, কোন কোন ক্ষেত্রে সিডিএর আইন লঙ্ঘন করেছে। তাই আমি তাদের স্পষ্টভাবে বলতে চাই অবিলম্বে নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। আংশিক পার্কিং ব্যবস্থা করে দায়সারা কাজ করলে চলবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, সিএমপি-সহ সব সেবা সংস্থা একমত হয়েছে যে, যেকোনো মূল্যে নগরের যানজট নিরসন করা হবে। নগরবাসীর দুর্ভোগ লাঘবের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখব। আজ আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন দল বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে সার্বিক চিত্র দেখেছে। যেসব হাসপাতালের পার্কিং ব্যবস্থা নেই বা অপর্যাপ্ত, তাদের আজ সতর্ক করা হয়েছে। এটিই তাদের প্রতি আমাদের শেষ সতর্কবার্তা। পরে পরিদর্শনে হাসপাতালের আকার অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা দৃশ্যমান না হলে কোনো অজুহাত গ্রহণ করা হবে না সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।






















































