এ মুহূর্তের সংবাদ

দুর্নীতির অভিযোগে চসিকের দুই চালকের বিরুদ্ধে তদন্ত কমিটি, বদলি

সুপ্রভাত ডেস্ক »

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই চালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-advertise-

একই সঙ্গে তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই চালককে সাগরিকা শাখা থেকে দামপাড়ায় (পুল) সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরদিন (মঙ্গলবার) সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সই করা এক অফিস আদেশে জানানো হয়, গাড়িচালক মো. শাহ আলম ও আব্দুল মাবুদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে মেয়র তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার আলোকেই চসিকের অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তাকে ৭ কার্যদিবসের মধ্যে সচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, একই দিনে চসিকের উপসচিবের সই করা অন্য এক অফিস আদেশে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগ, যান্ত্রিক শাখার ওই দুই চালককে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্ব-বেতনে দামপাড়ায় (পুল) সংযুক্ত করা হয়েছে। তাদেরকে ১৯ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।