সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের ১০১টি স্কুলের ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থীকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে গ্রামীণফোনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘শুভেচ্ছা’ ক্যাটাগরিতে ৪ হাজার ৬১৬ জন, ‘অভিনন্দন’ ক্যাটাগরিতে ১ হাজার ১৫০ জন এবং ‘সেরা পাঠক’ হিসেবে ১২৯ জন স্বীকৃতি পেয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ১৪৩ জন ছাত্রী এবং ১ হাজার ৭৫২ জন ছাত্র।
অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ ও মানবিকতা বিকাশে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “বই আমাদের অতীত ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে। তবে শুধু বই পড়লেই হবে না, এর শিক্ষা ও মূল্যবোধকে জীবনে ধারণ করতে হবে।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান বলেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে বই পড়ার কোনো বিকল্প নেই।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি পারভীন মাহমুদ এফসিএ শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং তা পূরণে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম জানান, তরুণদের বুদ্ধিবৃত্তিক ও মানবিক বিকাশে গত দুই দশক ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে গ্রামীণফোন।
এ বছর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ‘অনলাইন সেফটি ফান্ডামেন্টালস’ নামে একটি সচেতনতামূলক কোর্স চালু করা হয়েছে। এর মাধ্যমে শিশু ও অভিভাবকদের নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।




















































