সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের পশ্চিম খুলশীস্থ মসজিদে বেলাল (রা.)-এর খতিব মুফতি আহমেদ হোসাইন সাকিব। এ সময় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভাসু শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান, ছাত্র প্রতিনিধি ডা. জিয়া উদ্দিন এবং কর্মচারী প্রতিনিধি মো. মাকসুদুর রহমান।
এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত, মহানবী (সা.)-এর জীবনীর ওপর বক্তৃতা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ন্যায়, শান্তি ও মানবতার পথে চলার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিভাসু কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফিজ আহমাদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।























































