মহানগর

চট্টগ্রামে বসতবাড়িতে হামলা-লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক >>

চট্টগ্রাম নগরীর বাদুড়তলা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রবাসীর পৈতৃক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

---------

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

তারা দাবি করেন, বিএস জরিপের ৩১৩ নম্বর খতিয়ানে তাদের নামে রেকর্ডভুক্ত ওই সম্পত্তিতে ১৯৬১ সাল থেকে তারা ভোগদখলে রয়েছেন। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের পাশাপাশি তাদের নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ও বিভিন্ন ইউটিলিটি সংযোগ রয়েছে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আবুল মাবুদ নামে এক ব্যক্তি অগ্রণী ব্যাংকের চকবাজার শাখা থেকে ঋণ নেওয়ার সময় ওই সম্পত্তি বন্ধক রাখেন। অথচ তার নামে সম্পত্তির কোনো রেকর্ড, খাজনা বা দখলের প্রমাণ ছিল না বলে দাবি করেন ভুক্তভোগীরা।

তারা জানান, সম্পত্তি নিয়ে দায়ের করা দেওয়ানি মামলায় আদালত তাদের পক্ষে রায় দেন। পরে ২০০২ সালের ১৪ জুলাই আদালত সম্পত্তিতে প্রবেশ, সীমানা প্রাচীর নির্মাণ ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ২০১২ সালে ঋণের টাকা পরিশোধের পর অর্থঋণ আদালতের মামলাটি নিষ্পত্তি হয়। কিন্তু দীর্ঘ ১৩ বছর পর ২০২৫ সালে ওই নিষ্পত্তিকৃত মামলাকে কেন্দ্র করে গোপনে নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। তাদের দাবি, বাজারমূল্যে কোটি টাকা মূল্যের সম্পত্তি মাত্র ২০ লাখ টাকায় নিলাম দেখানো হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, নিলাম গ্রহণকারী পক্ষ কয়েকশ লোক নিয়ে ওই বসতবাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ৮০টি পরিবারকে উচ্ছেদের চেষ্টা করা হয়। হামলাকারীরা ঘরের দরজা ও আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আদালতের আদেশ বাস্তবায়নের মাধ্যমে পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।