নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার দেশে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সার্ভে বাস্তবায়নের চেষ্টা করছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এ বিষয়ে কাজ চলছে। ডিজিটাল সার্ভে বাস্তবায়ন হলে ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে।
শনিবার (২২ আগস্ট) নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থাপত্য, নির্মাণ, আবাসন ও অবকাঠামো খাতের এ আয়োজন শেষ হয়।
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে গত ২০ আগস্ট শুরু হওয়া এ এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়। তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ, সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’-এর উপদেষ্টা স্থপতি মাহাদি ইফতেখার, আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম. মঞ্জুরুল হকসহ আয়োজক কমিটির সদস্য, স্থপতি ও প্রকৌশলীরা।
বক্তারা বলেন, দ্রুত সম্প্রসারিত চট্টগ্রাম নগরীর টেকসই ও পরিকল্পিত উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ জন্য নীতিনির্ধারক, স্থপতি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। পাশাপাশি এ ধরনের আয়োজন নতুন প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণপদ্ধতি ও উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজনের আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো ‘বিল্ড এক্সপো’ আয়োজন করতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও পেশাজীবী, ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।




















































