উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা >>
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৭ পরিদর্শন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাত সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ইউএনডিপির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্পে যায়।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পের এইচ-৭১ ব্লকসংলগ্ন এলাকায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং আশ্রয়কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসব কার্যক্রমে অর্থায়ন করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বাস্তবায়ন করছে ব্র্যাক।
ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলকে ড্রেন পরিষ্কার, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য থেকে জৈব সার তৈরির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে ইউএনডিপির প্রতিনিধিরা কর্মকর্তা-কর্মচারী এবং রোহিঙ্গা নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ক্যাম্পের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
প্রতিনিধি দলে ইউএনডিপির কক্সবাজার সাব-অফিসের প্রধান ভার্দন হক্সা, উপপ্রধান মুহাম্মদ সালাহউদ্দিন খানসহ সংস্থাটির যোগাযোগ ও প্রচার বিভাগের কর্মকর্তারা ছিলেন।
























































