জিয়াবুল হক, টেকনাফ >>
কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে নৌকায় করে ইয়াবার বড় চালান পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা বিওপির সুইচ গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ বিজিবির সদস্যরা তাদের আটক করেন। বিজিবির দাবি, এটি তাদের একক অভিযানে এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা উদ্ধারের ঘটনা।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের পাশাপাশি টহল জোরদার করে বিজিবি।
বিজিবি জানায়, রাতের বেলায় সুবিধা করতে না পেরে পাচারকারীরা অভিনব কৌশলের আশ্রয় নেয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে হ্নীলা বিওপির সুইচ গেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কৌশলগত অবস্থানে থাকা বিজিবির বিশেষ টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ভেতরে কোনো মাদক পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে খুললে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০ কার্টন ইয়াবা পাওয়া যায়। এতে মোট ১৪ লাখ পিস ইয়াবা ছিল বলে জানায় বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “৬৪ বিজিবির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”




















































