ক্যাম্পাস

পটিয়ায় কওমী বোর্ডের অধিবেশন, পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>

দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ অধিবেশন ‘মজলিসে উমুমী-২০২৬’ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

---------

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামিয়া পটিয়ার মিলনায়তনে আয়োজিত অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওদুদী।

আঞ্জুমানের সহকারী মহাসচিব মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় এবং মাওলানা ক্বারী আব্দুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সূচনা বক্তব্যে আঞ্জুমানের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল কওকব উপস্থিত ওলামায়ে কেরাম ও মাদ্রাসার দায়িত্বশীলদের স্বাগত জানান। পরে তিনি বোর্ডের গত সভার কার্যবিবরণী পাঠের পাশাপাশি বিগত বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

অধিবেশনে বোর্ডের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মাওলানা মুহসিন আমীন। কেন্দ্রীয় পরীক্ষার প্রতিবেদন পেশ করেন মাওলানা জাফর সাদেক। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষার সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জামিয়া কুরআনিয়া চন্দ্রঘোনার মুহতামিম আল্লামা নেজাম উদ্দীন।

পরে কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

সম্মেলনে বক্তারা কওমী শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষা সনদের যথাযথ মান রক্ষা এবং ইসলামী শিক্ষা ও আদর্শের প্রসারে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের কার্যক্রম আরও সুসংহত করার আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনা ও সমাপনী বক্তব্যের পর যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘটে।