মহানগর

আইন মেনে চললে সড়ক হবে নিরাপদ

নিরাপদ সড়ক চাই’র বর্ষপূর্তি

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বলেছেন, যারা দীর্ঘক্ষণ গাড়ি চালান তাদের খুব সতর্কতার সাথে দেখে শুনে ধীরস্থিরভাবে নিরাপদে গাড়ি চালাতে হবে। কেননা গাড়ি চালকের উপর তার পরিবার-পরিজনের জীবিকা নির্ভর করে। এছাড়া অসতর্কতার কারণে দুর্ঘটনায় পতিত হলে পঙ্গুত্ব বরণও করতে হয় এবং পথচারীও আহত বা নিহত হতে পারে। তাই সকলকে সচেতনতার সাথে গাড়ি চালাতে হবে। তিনি আরো বলেন, পরিবহন মালিক, চালক, যাত্রী, পথচারীরা যদি আইন মেনে চলার সংস্কৃতি অনুশীলন করেন এবং সড়কে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা যদি যথাযথ দায়িত্ব পালন করেন তাহলে সড়ক অবশ্যই নিরাপদ হবে।
নিরাপদ সড়ক চাই’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক গাড়ি চালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল কর্ণফুলী থানাধীন ইছানগর ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি চত্বরে নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড’র পরিচালক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গাড়ি চালক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নগর সহ-সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার (কারখানা) মো. গোলাম মোস্তফা, সংগঠক লায়ন মো. ইব্রাহিম। বিজ্ঞপ্তি