ফিচার এলাটিং বেলাটিং

বৃষ্টির রূপ

বাসুদেব খাস্তগীর

বৃষ্টি পড়ে টুপটাপ
নড়ছে বনের ঝোপ-ঝাপ
বৃষ্টি পড়ে রিমিঝিম
নাচে খোকন তা-ধিন-ধিন ।

-advertise-

বৃষ্টি পড়ে ঝমঝম
ভিজে গাড়ি টমটম
বৃষ্টি পড়ে তালে তালে
ভর ধরে না টিনের চালে।

বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা
উঠছে কেঁপে পাতার বোঁটা
বৃষ্টি পড়ে ফিসফিস
ভিজতে মজা কী যে ইস!

বৃষ্টি পড়ে মুষলধারে
বাড়ির উঠোন পুকুর পাড়ে
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
গ্রাম মহল্লা পাড়ায় পাড়ায়।

 

বৃষ্টিতে কাক পাখি

অপু চৌধুরী

সেদিন ভোরে বৃষ্টি ছিল
আকাশ মেঘে ঢাকা
জবুথবু দুই দুটি কাক
ডাকতেছিল কা কা।

শয্যা ছেড়ে জানলা খুলে
দিলাম আমি উঁকি
দেখতে পেলাম কদম তলায়
রাতুল ও টুকটুকি।

হাতে নিয়ে বৃষ্টি ভেজা
একটি কাকের ছানা
আদর করে দিচ্ছে মুছে
জবজবে দুই ডানা।

ছানা কাকের পাশে ছিল
একটি গাছের ডাল
বৃষ্টিভারে নীড়সহ যা
ভেঙে গেছে কাল।

তা দেখে দূর বেলকনিতে
বৃষ্টিতে কাক পাখি
ছানার জন্যে অধীর হয়ে
করছে ডাকাডাকি।

 

 

আষাঢ়ে প্রকৃতি

কাব্য কবির

আষাঢ় মাসে বৃষ্টি জলে ভরে পুকুর, নদী, খাল,
পুকুরপাড়ে নুইয়ে পড়ে ছাতিম গাছের ডাল।
ভিজে কেয়া ফুল
পায়রা নদীর কূল,
আকাশ ঘেমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর টুপ,
বৃষ্টির পানি পেলে ব্যাঙের আনন্দ হয় খুব।
গাছের পাতা চুইয়ে চুইয়ে বৃষ্টি যখন পড়ে,
দৃশ্য দেখতে বাহিরে যাই মন বসে না ঘরে।
যাই যে ছাতা নিয়ে
দেখি ভেজে টিয়ে
ভেজার পরে টিয়ের রংটা হচ্ছে যেন গাঢ়ও,
সাধারণের থেকে তাকে ভালো লাগে আরও।

খালে,বিলে আনন্দতে লাফায় চিংড়ি, পুঁটি,
খোকা-খুকি মাছ ধরতে করে ছোটাছুটি।
লাঙল জোয়াল কাঁধে নিয়ে
চাষারা যায় মাঠে,
রাজাহাঁসও ভিজে দেখি
হাওর, পুকুর ঘাটে।
আষাঢ় মাসে গ্রাম বাংলা বৃষ্টি ভিজে হাসে,
প্রকৃতি হয় রূপার ছবি চোখের সামনে ভাসে।

 

 

বর্ষা রঙিন দিন

ওবায়দুল সমীর

আকাশজোড়া মেঘের ভেলায় ভেসে আসে জল,
দিগন্তেরই সবুজ মাঠে বৃষ্টি নামায় ঢল।
টাপুর টুপুর ছন্দ তুলে ছাদ-কার্নিশ বেয়ে,
ধানের ক্ষেতে জলের নাচন হাওয়ার ছোঁয়া পেয়ে।
নদীর বুকে ঢেউয়ের খেলা বৃষ্টিধারার গান,
কচুর-পানার দোদুল দোলায় মন করে আনচান।

গাছের ডালে ভেজা চড়ুই কাঁপছে বসে চুপ,
বাঁশের বনে ঝিরিঝিরি বৃষ্টির কী রূপ।
পদ্মদীঘির জলে দেখি পদ্মপাতার ঢং,
জলছবিতে মিশে থাকে মেঘের কালো রং।
কাদামাটির সরু পথে দুরন্ত কিশোর,
কাগজ দিয়ে নৌকা ভাসায় স্বপ্নভরা ঘোর।

দূরের মাঠে রাখাল ছেলের মিষ্টি বাঁশির টান,
বৃষ্টিভেজা বিকেল দেখে জেগে ওঠে প্রাণ।
ডোবার ধারে ঘ্যাঙর ঘ্যাঙর বসে ব্যাঙের মেলা,
ঘাসের ফাঁকে জোনাক পোকা খেলে আলোর খেলা।

বর্ষা যেনো জলরঙা এক রূপকথার আবেশ,
মাটির গন্ধে বুক ভরে দেয় আমার প্রিয় দেশ।
ঝরঝরানো বর্ষাতে তাই মনটা ভাসে সুখে,
বাংলার এই রূপের শোভা গেঁথে রাখি বুকে।