
সুপ্রভাত ডেস্ক »
উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রা.) বার্ষিক ওরশে মাখদুমী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটির মিজানুস সালাম রিসার্চ ইনস্টিটিউটের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট, চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী।
প্রধান অতিথির বক্তব্যে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পবিত্র ওরশে মাখদুমী মুসলিম জাহানের প্রতিটি দেশে উদযাপিত হয়। বাংলাদেশেও বিভিন্ন জেলায় আশরাফিয়া সিলসিলার অনুসারিরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পুরোপুরি শরিয়ত অনুসরণের মাধ্যমে পালন করে থাকে। সুদীর্ঘ ৬৪০ বছরের ধারাবাহিকতা প্রমাণ করে আহলে বায়তে রাসুলের শান ও মান কত সুমহান। অন্যান্য ত্বরিকার মতোই আশরাফি সিলসিলা ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মুসলিম বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার ও প্রসার এবং মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ওরশে অন্যান্যের মধ্যে আনজুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ বলেন, আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট কেবল ওরশ-মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নেই। মানবকল্যাণে ট্রাস্টের পক্ষ থেকে নানামুখি উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন সময়ে দুর্যোগ দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাবার, ওষুধ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। দরিদ্র্য জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সময়ের চাহিদা অনুযায়ী মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন মাওলানা জামিউল আক্তার আশরাফী, মাওলানা শফিউল হক আশরাফী, রফিক আশরাফী, মুনির আশরাফী সহ আশরাফিয়া সিলসিলার ভক্ত ও মুরিদবৃন্দ।














































